মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের দায়ে মো. ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকার রুপশপুরের চিড়িয়াখানা রোড ও মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
চিড়িয়াখানা রোড এলাকায় অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ছড়ার অন্য পাশ দিয়ে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব না হওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে ওই স্থানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
পরে মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত