সিলেটের বিয়ানীবাজারে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব-৯-এর সিলেট সদর কোম্পানির একটি দল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার চারখাই বাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-৯ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলার গোলাঘাট এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে দুলাল আহমদ (৩০),পূর্বখলা গ্রামের মৃত খসরু মিয়ার ছেলে জামিল আহমদ (২৪), কচকটখা এলাকার মৃত কুতুব আলীর ছেলে পাভেল আহমদ (২৭),করগ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে সাবু আহমদ (৩২), কচকটখা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জাবের আহমদ (২৯) এবং লাংলাকোনা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. জসিম আহমদ (৩১)।
র্যাবের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে জুয়া খেলার কথা জানিয়েছেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রেখে তাদের ও জব্দ করা আলামত বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মতামত