বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী জানান, খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া মাহফিল। পাশাপাশি সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৃথক দোয়া অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, সরকারের প্রথম ছয় মাসের নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। এ সময়ের কর্মকাণ্ডের পরিসংখ্যান শিগগিরই জনগণের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি। আগামী ছয় মাসে সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন রিজভী।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগের বিষয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার আগে মহাসচিবের পদ ছাড়ার কোনো আইনগত বাধ্যবাধকতা ছিল না। তবে দায়িত্ববোধ থেকেই মির্জা ফখরুল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিবের দায়িত্বে থাকা সমীচীন নয়—এমন বিবেচনা থেকেই মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।
মতামত