১৫ আগস্টকে ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে ৯ ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পিকেট ডিউটি পরিচালনা করা হচ্ছে।
নিরাপত্তার অংশ হিসেবে ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের মাধ্যমে বিশেষ তল্লাশি বা সুইপিং কার্যক্রম চালানো হবে।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবেন।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)। এর বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবেন মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমল, অনুষ্ঠানস্থলসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে।
এ ছাড়া সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন।
মতামত