মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ‘মা এক্সপ্রেস’ নামে বিনামূল্যে চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা চার শতাধিক গর্ভবতী মা চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে আয়োজিত ক্যাম্পে সহযোগিতা করে কুলাউড়ার ‘স্রোত সাহিত্য পর্ষদ’।
ক্যাম্পে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আল্ট্রাসাউন্ড,রক্তচাপ,ডায়াবেটিস ও মূত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে আয়রন, জিংক ও ক্যালসিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এ ছাড়া গর্ভকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা সম্পর্কে মায়েদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। কুলাউড়া ও আশপাশের প্রত্যন্ত এলাকা থেকে আসা অনেক গর্ভবতী নারী এ ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পান।
‘মা এক্সপ্রেস’-এর সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী বলেন,কুলাউড়ায় মাতৃসেবার এ উদ্যোগ ব্যাপক সাড়া পেয়েছে। এটি তাঁদের একটি পাইলট ক্যাম্পেইন। ভবিষ্যতে কুলাউড়াসহ সিলেটের অন্যান্য অঞ্চলেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা থাকবে।
‘মা এক্সপ্রেস’-এর কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ বলেন,‘মা এক্সপ্রেস’ শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়,এটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। প্রত্যন্ত এলাকার অনেক মা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের কাছে বিনামূল্যে এ সেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন বলেন,গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর মতো মানবিক একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে তাঁরা আনন্দিত। সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও তাঁদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তাঁরা।
উল্লেখ্য,‘মা’ (মেটারনাল এইড অ্যাসোসিয়েশন) যুক্তরাজ্যভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মতামত