মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধের দাবিতে মানববন্ধন,সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। একই সঙ্গে সাম্প্রতিক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কিশোর গ্যাং নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়ছল আহমদ,সমাজকর্মী জিএম মুক্তাদির রাজু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ,কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাহিদ আহমদসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন,গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার শহরের ব্যস্ততম কুসুমবাগ এলাকায় মাদরাসাছাত্র হাসান আহমদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ,জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মতামত