বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জিত হয়েছে। এর ফলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হলো।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরটি ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এনপিসিবিএলের তত্ত্বাবধানে চলমান কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে এ অগ্রগতি অর্জিত হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ড. জায়েদুল হাসান জানান, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জনের পর এর গুরুত্বপূর্ণ কারিগরি পরিমাপগুলো নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, এই অর্জনের মধ্য দিয়ে প্রথম ইউনিটকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়ায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে আরও কয়েকটি পরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের বিভিন্ন বৈশিষ্ট্য ও কার্যক্রম পরীক্ষা করা হবে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থা এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। এরপর ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো এবং জাতীয় গ্রিডে সংযোগের জন্য প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, অপারেশন ও কমিশনিং বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টা এবং দেশি-বিদেশি অংশীজনদের সহযোগিতায় এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।
দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও কমিশনিং কার্যক্রমের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এখন জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, এটি দেশের বিজ্ঞান, প্রকৌশল ও পারমাণবিক প্রযুক্তির সক্ষমতা বিকাশের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অর্জন।
তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে কমিশনিংয়ের বাকি ধাপগুলো সম্পন্ন করতে হবে। এ সময় সর্বোচ্চ নিরাপত্তামান, অনুমোদিত কারিগরি পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মতামত