মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম বর্ষের শিক্ষার্থী সাদমান রহমান নাবিলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে সিলেট শহর থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সাদমান রহমান নাবিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।
নাবিলের বাবা আনিসুর রহমান রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি রাজবাড়ী শহরের স্টেডিয়ামের পেছনে পরিবার নিয়ে বসবাস করেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে নাবিল ছিলেন ছোট।
রোববার বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নাবিলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি বালিয়াকান্দি উপজেলার জামালপুরে নিয়ে দাফন করার কথা রয়েছে।
নাবিলের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত