ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করেছে জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তদারকিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব।
বৈঠকে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতি এড়িয়ে চলা এবং জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
দেশের যেসব এলাকায় পানিতে আর্সেনিকের সমস্যা রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে প্রয়োজনীয় প্রকল্প নেওয়ার সুপারিশও করেছে কমিটি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, গ্রামীণ সড়ক নির্মাণের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির জন্য জামানত নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে নির্মাণকাজের মান যাচাই এবং তদারকি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে উপস্থাপনা দেওয়া হয়। সরকারের প্রথম ১৮০ দিনে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে জানানো হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বৈঠকে কমিটির সদস্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত