ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ হাজার ৭০০-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এই কিট হস্তান্তর করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম সহজতর করা এবং রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে হাসপাতালের যেসব ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর আলম মিয়া, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি
মতামত