রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবির বিরোধিতা করে নতুন অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তার দাবি, অটোরিকশা চলাচলের পক্ষে বক্তব্য দেওয়া একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে অটোরিকশা চলাচলের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিষয়টি হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, ওই নেতার নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে কেউ যাতে অবৈধভাবে বসতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি করপোরেশন কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য বাড়াতে এবং সবুজায়ন নিশ্চিত করতে কাজ চলছে। যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে পথচারীদের চলাচলের উপযোগী ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।
এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে ফুটপাতের হকারদের উসকানিমূলক পরামর্শ দেওয়ার অভিযোগও তোলেন ডিএনসিসি প্রশাসক। জনস্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।
মতামত