নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ দাবি ও বিতর্কিত মন্তব্যের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষের বিষয়ে তিনি অত্যন্ত বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্য।’ মুহূর্তেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, মামলা তদন্তের নামে ঘুষ না পেলে কাজ না করা, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ার বহু অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
এ বিষয়ে বক্তব্য জানতে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান, ‘আমিও ভিডিওটি দেখেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্যে এমন দায়িত্বজ্ঞানহীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। তারা বিতর্কিত ওই এএসআইকে দ্রুত থানা থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত