গাজীপুরে ১১ বছর পর শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। রোববার (৪ অক্টোবর) সকালে জেলার কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় সাত দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা এ ক্যাম্পে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নিয়েছেন। তাঁবুতে অবস্থানের পাশাপাশি তারা নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা বিকাশে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, নানা কারণে দীর্ঘদিন জাতীয় গাইড ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি। ১১ বছর পর গাজীপুরে এ আয়োজন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক বলেন, ক্যাম্পে সারাদেশের গার্ল গাইড, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনার, শিক্ষক এবং অভিভাবকেরা অংশ নিয়েছেন। আগামী সাত দিনে তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করবেন।
পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিয়ে গার্ল গাইডদের পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের পরিচ্ছন্নতা কার্যক্রমে গার্ল গাইডরা নেতৃত্ব দেবে—এটাই তার প্রত্যাশা। পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়তে তাদের ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এ ছাড়া ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই জাতীয় গাইড ক্যাম্পের মূল লক্ষ্য।
মতামত