প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে প্রশ্ন তোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তার অভিযোগ, যাচাই না করে এমন একটি ছবি নিয়ে প্রশ্ন তোলা দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না।
রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন আবু হানিফ।
তিনি জানান, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও অংশ নেন।
আবু হানিফ বলেন, শনিবার ওই রিসেপশনে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়। পরে ছবিটি এআই দিয়ে তৈরি কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ।
গণঅধিকার পরিষদের এই মুখপাত্রের দাবি, বিভিন্ন মাধ্যমে ছবিটি এআই-নির্মিত নয় বলে নিশ্চিত হওয়ার পর আসিফ মাহমুদ তার পোস্টটি সরিয়ে নেন। তবে তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষ ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে প্রচার শুরু করে। এতে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদের সমালোচনা করে আবু হানিফ বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিলে তা দেশের জন্য গর্বের বিষয়। তাই এ ধরনের ছবি নিয়ে যথাযথ যাচাই ছাড়া প্রশ্ন তোলা দায়িত্বশীল আচরণ নয় বলে মন্তব্য করেন তিনি।
একই পোস্টে জামায়াত-শিবির ও এনসিপির বিরুদ্ধেও অভিযোগ তোলেন আবু হানিফ। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের ক্ষেত্রে জামায়াত-শিবিরের সঙ্গে এখন এনসিপিও যুক্ত হয়েছে।
তবে আসিফ মাহমুদের পোস্ট মুছে ফেলার কারণ এবং আবু হানিফের এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতামত