জনপ্রিয় ‘ফাস্ট এণ্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি সিরিজ অবলম্বনে বড় পর্দার পর এবার টেলিভিশনেও আসছে একটি নতুন স্পিন-অফ টেলিভিশন সিরিজ। যেটি ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত লুই লেতেরিয়ে পরিচালিত ‘ফাস্ট এক্স’-এর পরবর্তী কিস্তি হিসেবে আসবে।
‘ফাস্ট এণ্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ফাস্ট ফরএভার’ মুক্তির সঙ্গেই টিভি সিরিজ হিসেবে যাত্রা শুরু করবে। যেটি ২০২৮ সালের ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিরিজটি নির্মাণের অনুমোদন দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’।
নতুন টেলিভিশন সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান তারকা ভিন ডিজেল। তার সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন ‘রেস’-এর স্যাম ভিনসেন্ট, অরিজিনাল ফিল্মের নিল এইচ মরিজ ও পাভুন শেঠি এবং “জেফ কিরশেনবাম ও ক্রিস মরগান প্রোডাকশন”র ক্রিস মরগান। এছাড়াও মাইক ড্যানিয়েলস ও উলফ কোলম্যান সিরিজটির কো-শোরানার, পাইলট পর্বের লেখক এবং নির্বাহী প্রযোজক একাধিক দায়িত্ব পালন করবেন।
এর আগে গত মে মাসে নিউইয়র্কে এনবিসিইউনিভার্সালের একটি অনুষ্ঠানে ভিন ডিজেল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নিয়ে টেলিভিশন সিরিজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, সিনেমাগুলোর প্রতি নির্মাতাদের বিশেষ যত্ন রয়েছে। তবে গত এক দশকে ভক্তদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজির গল্প ও পুরোনো চরিত্রগুলোকে আরও বিস্তৃত করার দাবি এসেছে। সেই কারণেই টেলিভিশনে যাওয়ার বিষয়টি নিয়ে তারা ভাবতে শুরু করেন।
ভিন ডিজেল আরও জানান, গত বছর ইউনিভার্সাল স্টুডিওসের প্রধান ডোনা ল্যাংলি এনবিসিইউনিভার্সালের টেলিভিশন বিভাগের দায়িত্ব নেওয়ার পর তিনি এ বিষয়ে আরও আশাবাদী হন। তার মতে, টেলিভিশনেও চরিত্রগুলোর মূল বৈশিষ্ট্য, আন্তর্জাতিক আবেদন এবং পরিবারের মতো বন্ধনের বিষয়টি যথাযথভাবে সংরক্ষিত থাকবে।
বিশ্বজুড়ে ১১টি সিনেমা থেকে ‘ফাস্ট এণ্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত ৭ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ফলে এটি ইউনিভার্সালের অন্যতম সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচিত হয়।
মতামত