দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে না পারেন, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে, যারা তা নিশ্চিত করতে সক্ষম।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবস্থায় রয়েছে। জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকার জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অন্য কোনো পক্ষকেও ভালো কাজ করতে দিচ্ছে না।
বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হয়রানির প্রসঙ্গ তুলে জামায়াত আমির অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলার সমালোচনা করেন। তিনি মামলাটিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করে বলেন, আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘হাজার ভাগ মিথ্যা’ বলেও দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মেজর আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর প্রতিনিধি নন, তিনি দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের কণ্ঠস্বর। এ ধরনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
আইন প্রয়োগে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, একদিকে একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও তাকে দল ছাড়তে হয়নি বা হাতকড়া পরানো হয়নি। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে কঠোর আচরণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আখতারুজ্জামানের বক্তব্যের কথাও উল্লেখ করেন।
সরকারের দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকা এভাবে চুরি ও লুটপাট হতে থাকলে সাধারণ মানুষ নীরব থাকবে না। স্বাস্থ্যসেবার দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, দায়িত্বশীল কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত না হলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।
চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মানুষের জীবন রক্ষায় জামায়াতে ইসলামী মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, নিষ্ক্রিয় থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’। নাগরিকদের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও সতর্ক করেন তিনি।
মতামত