চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় পুলিশের কাজে বাধা এবং এক কনস্টেবলকে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ইসমাইল হোসেনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে গাড়ি রাখা নিয়ে ইসমাইল হোসেনের সঙ্গে থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে শফিক আহত হন বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর ইসমাইল হোসেনকে পুলিশ আটক করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে মুচলেকা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, সামান্য কথা-কাটাকাটির জেরেই ঘটনাটি ঘটেছে।
মতামত