হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামানকে দলের নেতা হিসেবে স্বীকার করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি দলের সহযোগী সদস্য। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং প্রাথমিক সহযোগী সদস্য হওয়ার জন্য নির্ধারিত ফরম পূরণ করেন।
রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এ বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি দেশের আপত্তির কারণে সরকার এগোতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বিএনপির সমালোচনা করে আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও একসময় পালিয়ে যেতে হবে। জনগণ আর জুলুম-অত্যাচার মেনে নেবে না। চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা তৈরি হয়েছে। সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সংবিধানের দোহাই দিয়ে সরকার ইচ্ছামতো কাজ করছে।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত