স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪-১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, শুধু স্বাস্থ্যখাত নয়, দেশের ব্যাংক, বীমা, করপোরেশন ও স্টক মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানও সংকটের মধ্যে রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করে তিনি বলেন, দিনে-দুপুরে ও রাতে রাজধানীতে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটছে। অথচ এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। রাজধানীর পরিস্থিতি থেকেই সারা দেশের অবস্থা বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিমানবন্দরে সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, বিমানবন্দরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে আখতারুজ্জামান কথা বলেছেন। লাগেজ পেতে একজন যাত্রীকে তিন ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আখতারুজ্জামানের বক্তব্যের সমালোচনা থাকলেও তিনি যে বিষয়টির প্রতিবাদ করেছেন, সেটি সত্য বলে দাবি করেন ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, ভুক্তভোগী যাত্রী ও প্রবাসীদের হয়রানি এবং লাগেজ থেকে মূল্যবান জিনিস চুরির অভিযোগের বিষয়েই আখতারুজ্জামান কথা বলেছেন।
আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে জামায়াত আমির বলেন, তিনি কাউকে শারীরিকভাবে আঘাত করেননি। তার দাবি, বিমানবন্দর সিসি ক্যামেরার আওতায় থাকলেও আদালতে আঘাতের প্রমাণ হিসেবে কোনো ফুটেজ দেখানো হয়নি।
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনাতেও নিন্দা জানান ডা. শফিকুর রহমান। একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো, হেলমেট পরানো এবং তার বুকের জ্যাকেট খুলে ফেলার মাধ্যমে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মতামত