সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরবর্তী রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। রোববার (২২ নভেম্বর) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
হুতিদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি শোধনাগারটিতে আঘাত হেনেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য আসেনি।
রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ‘পেট্রো রাবিগ’ নামের বড় তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র। জেদ্দা থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থাপনাটি থেকে গভীর সমুদ্রবন্দরের মাধ্যমে তেল রপ্তানির সুযোগ রয়েছে।
এর আগেও সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এসব স্থাপনার মধ্যে রয়েছে দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, দক্ষিণাঞ্চলের জাজান এলাকার কয়েকটি শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা তেল শোধনাগার।
তবে এসব হামলার কোনো ঘটনাই সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ফলে রাবিগ শোধনাগারে সর্বশেষ হামলার দাবি নিয়েও এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে নতুন করে হুতিদের সংঘাত শুরু হয়।
হুতিরা ইতিমধ্যে ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। পাশাপাশি তারা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব।
সূত্র: রয়টার্স
মতামত