পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীর এই বক্তব্য জানানো হয়।
বিবৃতিতে রিজভী দাবি করেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। হত্যা, অগ্নিসংযোগ ও নানা অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে বলে তারা মনে করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান পাবে না। সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে সরকারকে ভয় দেখানো যাবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
জুলাই-আগস্টের সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ব্যাপক নির্যাতন ও হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। দেশের মানুষ তাদের আর বাংলাদেশে দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের মৌলিক অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
বিবৃতিতে রিজভী আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত মোকাবিলায় দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে।
সবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এই নেতা।
মতামত