রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের চালানো নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার দায় মিয়ানমার রাষ্ট্রের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সুযোগ।
১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার করা ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আদালত ৯-৬ ভোটে রায় দিয়েছেন। এতে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনকে গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে আন্তর্জাতিক আইনে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারিত হয়েছে।
তবে এই রায়ের অর্থ এই নয় যে মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তা বা রাজনৈতিক নেতাকে সরাসরি কারাদণ্ড দেওয়া হবে। কারণ আইসিজে ব্যক্তির নয়, রাষ্ট্রের দায় নির্ধারণ করে। ব্যক্তিগতভাবে অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে পারে।
আদালতের নির্দেশনা অমান্য করলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা অস্ত্র নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
এই মামলার রায় চূড়ান্ত। তবে নতুন ও আগে অজানা গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেলে নির্দিষ্ট আইনি শর্তে পুনর্বিবেচনার আবেদন করা সম্ভব। অন্যদিকে, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে। এর মধ্যে জমিজমা ফেরত, চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদে নিজ দেশে ফেরার বিষয়গুলো রয়েছে।
এই রায়ের ফলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত হবে, এমন নিশ্চয়তা নেই। তবে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবির পক্ষে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
প্রশ্ন উঠেছে, গাম্বিয়া মামলা করলেও বাংলাদেশ সরাসরি কেন এই মামলার উদ্যোগ নেয়নি। ১৯৪৮ সালের গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশগুলো নির্দিষ্ট আইনি শর্তে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আইসিজেতে মামলা করতে পারে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে গাম্বিয়া সেই উদ্যোগ নেয়। অন্যদিকে, গণহত্যা সনদের নবম অনুচ্ছেদে বাংলাদেশের দেওয়া সংরক্ষণের কারণে সরাসরি মামলা করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে।
আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানাতে মিয়ানমারকে আগামী দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ নির্ধারণ এবং অন্যান্য আইনি প্রক্রিয়াও এগিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, এই রায়কে কাজে লাগিয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। আন্তর্জাতিক মিত্র ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো, মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
বিশেষ করে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট যেন আড়ালে পড়ে না যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। কারণ শুধু আদালতের রায়ের ওপর নির্ভর করলেই এই সংকটের সমাধান হবে না। বরং আইনি অর্জনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন বাংলাদেশের অন্যতম প্রধান কূটনৈতিক চ্যালেঞ্জ।
লেখক: একেএম রেজাউল করিম
চেয়ারম্যান, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট
মতামত