রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা দুই কালজয়ী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ও প্রযোজিত এই দুটি প্রশংসিত চলচ্চিত্র ইন-ফ্লাইট বিনোদন তালিকা থেকে হঠাৎ বাদ দেওয়ায় দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নির্মাতা তানভীর মোকাম্মেল নিজেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একাধিক পোস্ট দিয়েছেন।
উল্লেখ্য, সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লালসালু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকির আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী ও রওশন জামিলসহ দেশের প্রনাম্য শিল্পীরা।
অন্যদিকে, ১৯৪৭ সালের দেশভাগ ও তখনকার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিত্রা নদীর পারে’ সিনেমাটিতে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবীর মতো খ্যাতিমান তারকারা। দুটি চলচ্চিত্রই দেশের বাংলা সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ স্থান দখল করে আছে।
মতামত