খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৮৯টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪১,৫২০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। একই সাথে জিডির সূত্রে ১ জন ভিকটিমকেও উদ্ধার করেছে সংস্থাটি।
(৩০ সেপ্টেম্বর) ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম, এম সালাহউদ্দীন আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মোবাইল ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
জানা যায়, অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীনের নির্দেশে গঠিত ৩ এপিবিএন-এর সাইবার ক্রাইম ইউনিট খুলনা ও এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, হারানো মোবাইল উদ্ধার এবং সাইবার ও বিকাশ প্রতারণা প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে।
সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার জনাব রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানগুলো পরিচালিত হয়। চলতি সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন থানায় দায়ের করা হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে ধরে তথ্যপ্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে ৩ এপিবিএন-এর অধিনায়ক বলেন, "সাধারণ মানুষের আইনি সেবা প্রদান এবং তাদের খোয়া যাওয়া সম্পদ ফিরিয়ে দিতে আমাদের সাইবার টিম প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের এই ইতিবাচক সাড়া ও আস্থা অব্যাহত থাকলে আমরা ভবিষ্যতে আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত সেবা প্রদান করতে পারবো।"
নিজের হারানো জিনিস ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
মতামত