পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো চালান বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর চালানটি দেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ওই সময় বাংলাদেশ ও রাশিয়া উভয় পক্ষই চালান গ্রহণ ও পরিবহনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল।
জানা গেছে, রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বাংলাদেশে আনার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রয়োজন ছিল। প্রথমে সেই অনুমতি না পাওয়ায় চালানটি নির্ধারিত সময়ে আনা সম্ভব হয়নি। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর নতুন করে বৃহস্পতিবার চালানটি দেশে আনার সময় নির্ধারণ করা হয়েছে।
দেশে পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
চলতি বছরে রূপপুরের জন্য মোট ইউরেনিয়ামের সাতটি চালান দেশে আসার কথা রয়েছে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে তিন মাসেরও বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়েছে।
তবে সেফটি ভালভের নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এখনো প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। ত্রুটি মেরামতে রাশিয়ার প্রকৌশলীরা কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
মতামত