কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুকুনতলা মাঠে অভিযান চালায় একটি বিজিবি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে,সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ২৭ বোতল ভারতীয় মদ, ২ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ও ৩ হাজার ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত এসব মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত