সরকার নির্ধারিত হারের চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি বাসভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। একই সঙ্গে ওই পরিবহনকে পরবর্তী সময়ে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী, প্রতি লিটার জ্বালানির দাম এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ে। সে হিসাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুযোগ ছিল।
তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ১৭ পয়সার বেশি কোনোভাবেই ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। এ বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে এবং নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
রেল ও নৌপথের ভাড়া বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
রেলভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনের ভাড়া যাতে না বাড়ে, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে বাসভাড়া পুনর্নির্ধারণের তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
মতামত