মাদকদ্রব্যের ভয়াবহতা, ক্ষতিকর দিক ও এর বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের উদ্যোগে উপজেলার মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। মাদক সেবনের কারণে একজন শিক্ষার্থীর স্বাভাবিক জীবন, শিক্ষা ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং মাদক থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজেদের পাশাপাশি সহপাঠী ও আশপাশের মানুষকেও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মাদকবিরোধী থিম সং পরিবেশন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিতে মাদকবিরোধী সচেতনতামূলক ডকুমেন্টারি ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সভাপতি, বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। মাদকবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি পরিবার ও সমাজে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মতামত