পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একটি পিকআপজাতীয় ইজিট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাস ও ইজিট্রাকের যাত্রীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ডলফিন পরিবহনের বাসটি রাজধানী ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল।
পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা বাসটি পদ্মা সেতুর ৪২ নম্বর পিলারের কাছে একটি পিকআপজাতীয় ইজিট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুই যানবাহনের কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সাদ নিলয় বলেন, বাসটি দ্রুতগতিতে ইজিট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে বাস ও ইজিট্রাকের যাত্রীদের মধ্যে অন্তত নয়জন আহত হয়েছেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের তথ্য পুলিশের কাছে আসেনি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
মতামত