টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধ নিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের পথে বিশ্ব অনেকটা পিছিয়ে রয়েছে। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে এখন কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সব দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মতামত