বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যেই দুদককে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন আসিফ মাহমুদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দেশের বাইরে তার কোনো অর্থ বা সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের বাইরে তার নামে এক পয়সা বিনিয়োগ, ব্যাংকে অর্থ জমা, বাড়ি বা জমি তো নয়ই, সামান্য কোনো সম্পদ থাকার প্রমাণও যদি কেউ দিতে পারেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। একই সঙ্গে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি হবে, সেটিও মেনে নেওয়ার কথা জানান তিনি।
বিদেশে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য বের করার সক্ষমতা সরকারের রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই মুখপাত্র। তার ভাষ্য, অনুসন্ধান করে বিদেশে কারও সম্পদের তথ্য বের করা অসম্ভব কোনো বিষয় নয়।
দুদকের অনুসন্ধানের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অনুসন্ধানের ক্ষেত্রে সাত মাস আগের একটি ফেসবুক পোস্টের তথ্য ব্যবহার করা হয়েছে। ওই পোস্টকে তিনি ভুয়া ও ভিত্তিহীন উৎসের তথ্য হিসেবে উল্লেখ করে দুদকের কার্যক্রম নিয়ে কটাক্ষ করেন।
পোস্টের শেষাংশে বর্তমান সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, ছয় মাসের মধ্যে বিরোধী রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করতে ব্যর্থতা এবং দেশ পরিচালনায় ব্যর্থতা আড়াল করতেই তার বিরুদ্ধে এমন কর্মকাণ্ড শুরু হয়েছে।
এ সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, এ ধরনের পদক্ষেপের সঙ্গে আওয়ামী লীগের দমন-পীড়নের পার্থক্যই বা কোথায়।
মতামত