দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীরা কোন মাধ্যমে পড়াশোনা করছে সেটি ভিন্ন বিষয় হলেও সবার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি ন্যূনতম অভিন্ন মান নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহারে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্বের ভালো শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নেবে। তবে ভবিষ্যতে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যা অন্য দেশগুলোর জন্যও অনুসরণীয় হয়ে উঠবে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ে কার্যকর পাঠদানের সময়, শ্রেণিকক্ষের ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো এবং শিক্ষকদের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে ন্যূনতম মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে দায়িত্ব দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় অ্যাক্টিভিটি-বেজড লার্নিং ও খেলাধুলার মাধ্যমে শেখার পদ্ধতিকে গুরুত্ব দেওয়ার কথা জানান ববি হাজ্জাজ। পাশাপাশি ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকর ব্যবহার থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেন তিনি।
নতুন কারিকুলাম তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার সংস্কারে কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি—এই চারটি ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মৌলিক মানের বৈষম্য কমিয়ে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে অক্সফোর্ড একিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতামত