দেশ পুনর্গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ সমাজসহ দেশের সব মানুষের সম্মিলিত উদ্যোগ থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, ওই সময় তরুণরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং দেশ পরিবর্তনের সূচনা করেছে। এবার একইভাবে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে তাদের এগিয়ে আসতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে তারেক রহমান বলেন, এই রোগ পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও সমন্বিত উদ্যোগ এবং মানুষের সচেতন অংশগ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আগামী তিন মাস এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তিনি। একই সঙ্গে নাগরিকদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী দিনের লক্ষ্য হবে পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ এবং সবার জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা।
ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা ও প্রতিরোধ কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীসহ দেশের মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
মহানগর এলাকায় সিটি করপোরেশন, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা কর্মসূচির সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
মতামত