নীলফামারীর ডিমলায় নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিকে স্থানীয় লোকজন তিস্তা নদীর ভাটিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
জানা যায়, আরমান ইসলাম (২২) নামের ওই যুবক বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। সে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামের হালিম ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দিন আরমান কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে প্রবল পানির স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হন। পরে অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দিনব্যাপী খোঁজাখুজি শেষে না পেয়ে অভিযান বন্ধ করে দেয়। নিখোঁজের তিনদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে লোক লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত