আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।
তাদের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর সীমিত সময়ের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে মাত্র এক মাসের এই বিশেষ অনুমতি তাদের ব্যবসায়িক চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আমদানিকারকরা চিঠিতে দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও খাবারের ঐতিহ্যের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেছেন। তাদের মতে, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরাতেও বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এ অবস্থায় ইলিশ রপ্তানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
মতামত