‘বিভেদ নয়, ঐক্য’এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরাম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা সব মানুষই তার ধর্মীয় পরিচয়ের বাইরে একজন বাংলাদেশি। তাদের অভিযোগ, একটি মহল বিশেষ ধর্মের বাংলাভাষী জনগোষ্ঠীকে ‘সংখ্যালঘু’ হিসেবে চিহ্নিত করে দেশের মূলধারা থেকে আলাদা করার চেষ্টা করছে।
বক্তারা বলেন, এ ধরনের বিভাজনমূলক প্রচার মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানে স্বীকৃত সাম্য ও মানবিক মর্যাদার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই নতুন এই ফোরাম গঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
তারা আরও বলেন, বাংলাদেশের সমাজে বিভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি রয়েছে। এই ঐক্য ও সম্প্রীতি ধরে রাখার পাশাপাশি বিভেদ সৃষ্টিকারী অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত