ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, ভোরে দক্ষিণ বিজয়পুর এলাকার একটি মসজিদে ফজরের নামাজ আদায় করেন ফারুক সরদার ও রুস্তম মীর। নামাজ শেষে তাঁরা দুজন মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ইজিবাইক তাঁদের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ইজিবাইকটি দ্রুত পালিয়ে যাওয়ায় এর চালক ও গাড়িটি শনাক্তে তদন্ত চলছে। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত