চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের চরম অবহেলা ও অনীহার কারণে হাজেরা বেগম (৪২) নামের এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন এবং বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভর্তি হন।
রোগীর স্বজনদের অভিযোগ, মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে হাজেরা বেগমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তারা বারবার কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে অনুরোধ করলেও তিনি বেডে আসতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি তাঁর নিজস্ব কক্ষে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে স্বজনরা দাবি করেন।
চিকিৎসকের কাছে আকুতি জানালে তিনি শয্যাশায়ী রোগীকে হেঁটে বা কাঁধে করে তাঁর কক্ষে নিয়ে আসার অদ্ভুত নির্দেশ দেন। রোগীর স্বামী আক্তার হোসেন জানান, একা স্ত্রীর মতো গুরতর অসুস্থ রোগীকে বহন করা সম্ভব না বলায় ডাক্তার কেবল দূর থেকেই অক্সিজেন দেওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব শেষ করেন।
অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য নিতে গেলে হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার সাংবাদিকদের বাধা দেন। তিনি চিকিৎসকের হয়ে সাফাই গেয়ে জানান, অভিযুক্তের সকল দায় তিনি নিচ্ছেন এবং উপজেলা পর্যায়ে আইসিইউ সাপোর্ট না থাকায় লিভারের জটিল রোগীর এমন পরিণতি হয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল জানান, চিকিৎসায় অবহেলার সত্যতা ও প্রমাণ মিললে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত