ত্রয়োদশ জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা-৫ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা অনুমোদন করেন সংসদ সদস্যরা।
এদিন আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন পাঁচটি কমিটি যুক্ত হওয়ায় ত্রয়োদশ সংসদে এখন পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টি।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আলী আসগার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির ওপর সংসদীয় নজরদারির নেতৃত্ব দেবেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ আলী আসগার। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকেও এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলী আসগার।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। মঙ্গলবার পাঁচটি কমিটি গঠনের ফলে এ পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হলো।
মতামত