আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সুষ্ঠু স্থানীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পুলিশের সহযোগিতা চেয়েছে। নির্বাচন পরিচালনা কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও আইন ও সংবিধান অনুযায়ী পুলিশেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে কমিশনের প্রতিশ্রুতি পুরোপুরি স্পষ্ট।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে পুলিশের কাছে কোনো ধরনের বেআইনি নির্দেশনা যাবে না। অন্যদিকে পুলিশও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় এখনকার অবস্থা খারাপ নয়। পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ চাপমুক্ত পরিবেশে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না, জানতে চাইলে আইজিপি আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার থাকলেও এটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী কাজ করবে পুলিশ।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, তাদের সাফল্য শতভাগ।
মতামত