পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নূরে মুজাসসাম কনফারেন্স ও নাতে রাসুল (সা.) অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পঞ্চমবারের মতো এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরার পাশাপাশি নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদ্বেরী। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক শাইখ মোহাম্মদ জয়নুল আবেদিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে এবারের আয়োজনে সীরাত অলিম্পিয়াড, নবীন বরণ, নূরে মুজাসসাম কনফারেন্স ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, “আজকে আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের ক্ষুদ্র সামর্থে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আজকে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির এই অনুষ্ঠানেও কষ্ট করে যারা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রদর্শন করার জন্য এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের ছাত্র-ছাত্রী সবাইকেই আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। বিচ্ছিন্ন মুসলিম জনতা যে নামের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়, সে নাম হজরত মুহাম্মদ (সা.)। এই ধারণাকে সামনে রেখেই আমাদের নূরে মুজাসসাম কনফারেন্স ও নাতে রাসুলের আয়োজন। আয়োজনটি সফল করতে সংগঠনের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।”
মতামত