জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ ঘটিকার সময় জামালপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর সানি (১৮) মারা যায়। ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।
বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে মাদারগঞ্জ হাওয়াই ব্রিজ এলাকায় মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন ওমর সানি। ব্রীজ এলাকায় অটোরিকশার সাথে ওমর সানির চলমান মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হয় ওমর সানি। আহত অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। জামালপুর হাসপাতালে নেওয়ার পর সোমবার দিবাগত রাত ৮ টায় ওমর সানি মারা যায়।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সে মারা যায়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, পুলিশ বিষয়টি অবগত আছে। আইনগত ব্যবস্থা চলমান।
মতামত