ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, “২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মোলামের ডাংগীর স্থানীয়দের ইউপি কার্যালয় নির্মাণের জন্য জায়গা দেওয়ার অনুরোধ করেছিলাম। তাদের জায়গা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা জায়গা দেননি। পরে মান্নান চৌধুরী খেজুরতলায় জমি দান করেন। সেখানে ইউপি কার্যালয় নির্মাণের প্রক্রিয়া শুরু হলে মোলামের ডাংগীর কয়েকজন ব্যক্তি হাইকোর্টে মামলা করেন।”
তিনি আরও বলেন, “দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট খেজুরতলায় ইউপি ভবন নির্মাণের পক্ষে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও আপিলেও খেজুরতলায় ভবন নির্মাণের পক্ষে রায় বহাল থাকে। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে মোলামের ডাংগীর কতিপয় ব্যক্তি নির্মাণকাজে নানাভাবে বাধা সৃষ্টি করছেন এবং বিভিন্ন জটিলতা তৈরি করছেন। আমরা কোনো বিরোধ চাই না। আদালতের রায় অনুযায়ী দ্রুত চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ইউপি সদস্য বাচ্চু কাজী, আবুল কাসেম মোল্যা, আব্দুল গফফার মিয়া, বিএনপি নেতা এ. কে. এম. কিবরিয়া, বসির আহামেদ, মাওলানা রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
এ সময় চরবিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতামত