ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি এবার বাস্তব রূপ নিতে যাচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমার ইক্ষু খামার এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে একটি জাতীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে যাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এবং স্থান নির্ধারণের বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রাষ্ট্রপতি জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিল্প মন্ত্রণালয় ও ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষের কাছ থেকে জমি পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দ্রুত মাস্টারপ্ল্যান ও অবকাঠামোর নকশা চূড়ান্ত করে নির্মাণকাজ শুরু করা হবে।
তার মতে, নতুন এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন, তাই রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে চান না। তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। দেশের মানুষের প্রত্যাশা এখন সমঝোতা, গণতন্ত্র ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন। এছাড়া সিন্ডিকেট সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতামত