বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ এবং প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গ্রেফতার সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সিফাত আব্দুল্লাহর জামিন চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করেছেন। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে করা কথিত কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি মামলার এজাহারে উল্লেখ নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয়টি উপস্থাপন করেননি বলে জানান তিনি।
আইনজীবী আরও বলেন, ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেফতার দেখানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানির ঘটনা বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সোমবার তার পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ৫ আগস্টের আগেও সিফাত ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন এবং এখনও সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এর আগে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মতামত