পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ধর্ম আলাদা হলেও মানুষের কল্যাণ, ন্যায়, শান্তি, সৌন্দর্য ও সহমর্মিতার লক্ষ্য সবারই এক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের সমান নাগরিক এবং দেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।
তিনি বলেন, ‘এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার।’ দেশে বসবাসকারী প্রত্যেক মানুষকেই দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আগামী প্রজন্মের জন্য আরও নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাকে বর্তমান প্রজন্মের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন আমিন উর রশিদ। তার মতে, সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্মানের বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ নিশ্চিত হবে।
সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতিকারী মানুষ থাকলেও দেশের বেশিরভাগ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দর সমাজের পক্ষে বলে মন্তব্য করেন মন্ত্রী। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষগুলো একসঙ্গে দাঁড়ালে কোনো অপশক্তিই সমাজে প্রভাব বিস্তার করতে পারবে না।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক রোজী আক্তার। অনুষ্ঠানে সনাতনী সমাজের নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন কৃষিমন্ত্রী।
মতামত