ধর্মীয় উসকানিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষ ভিন্ন ভিন্ন নামে সৃষ্টিকর্তাকে ডাকলেও ধর্মের মূল শিক্ষা একই। সব ধর্মই মানুষকে মানবতার পক্ষে দাঁড়ানো, মানুষের কল্যাণ করা এবং প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। তাই ধর্মের মূল আদর্শ অনুসরণ করলে সমাজে বিভেদ বা সংঘাতের কোনো কারণ থাকে না।
তিনি বলেন, কোনো ধর্মেই মানুষের ক্ষতি বা বিভেদের শিক্ষা নেই। ধর্মের মূল বক্তব্য মানবকল্যাণ ও মানুষের পাশে দাঁড়ানো। এ বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে।
গৌরীপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে ইকবাল হোসেইন বলেন, এ অঞ্চলে দীর্ঘদিন ধরে যে সম্প্রীতির পরিবেশ রয়েছে, তা সবাইকে মিলে ধরে রাখতে হবে। কেউ ধর্মীয় উসকানি দিয়ে এ সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গোবিন্দ জিউর মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, গোবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি শ্যামল বসাক, সাধারণ সম্পাদক রাজিব সরকার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার সদস্যসচিব অমল চন্দ্র দাসসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
মতামত