চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত হতে চান এক বিদেশি আইনজীবী। এ জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের পক্ষে নিযুক্ত আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে কাজ করার উদ্দেশ্যেই বিদেশি আইনজীবী গ্রায়েম এল. হল বার কাউন্সিলে অনুমতির আবেদন করেছেন।
এর আগে ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি জমা দেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চাওয়া হয়েছে ওই আবেদনে।
আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া আইনজীবীদের সঙ্গে কাজ করে সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি চেয়েছেন গ্রায়েম এল. হল।
আবেদনের সঙ্গে নিজের পেশাগত পরিচিতি বা প্রোফাইল এবং প্রয়োজনীয় অন্যান্য নথিও জমা দিয়েছেন এই বিদেশি আইনজীবী।
এখন বার কাউন্সিলের অনুমোদন মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী হিসেবে গ্রায়েম এল. হলের অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
মতামত