পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন খাতে সিন্ডিকেট সক্রিয় করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩১ আগস্ট) সকালে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।
আসিফ মাহমুদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবগামী বিমানের টিকিটের দাম তুলনামূলক কম ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আবারও টিকিটের বাজারে সিন্ডিকেট সক্রিয় হয়েছে। এর প্রভাব পড়েছে যাত্রীদের খরচে এবং বেড়েছে টিকিটের দাম।
দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, নির্বাচনের পর বিভিন্ন খাতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এতে সাধারণ মানুষ চাপে পড়েছে এবং তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।
এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় মক্কা প্যাক্ট প্রসঙ্গেও এনসিপির অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি জানান, দলটি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। একই সঙ্গে মক্কা প্যাক্টের বিষয়টি দলের একটি উপকমিটি বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
মতামত