যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। পালটাপালটি হামলার খবর সামনে আসার পর সোমবার (৩১ আগস্ট) তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পালটা হামলা চালায় তেহরান। দুই দেশের এই সামরিক উত্তেজনার প্রভাব দ্রুতই আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়তে শুরু করে।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দর ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে উঠেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বহুল ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৯২ সেন্ট, অর্থাৎ ১ দশমিক ১০ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের মূল্য দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩২ ডলার।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেছেন, পরিস্থিতি আবারও উত্তেজনা বৃদ্ধির পর্যায়ে পৌঁছেছে। তবে এই সংঘাত কতদিন স্থায়ী হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি চলতে পারে বলে মনে করছেন তিনি।
ফলে দুই দেশের সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।
মতামত